রুহুল আমিন কিবরিয়া বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩১:২৯
বিরোধীদলের সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিরোধীদল সরকারের বিরুদ্ধে কথা বলবে, এটা গনতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা সবসময় নেগেটিভভাবে নেই না।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বগুড়ার শিবগঞ্জে ‘বিএনপি পতিত ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটছে’ জামায়াতের আমিরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, বিরোধীদল সবসময় গণতন্ত্রের সৌন্দর্যের জন্য কিছু সঠিক বা বেঠিক কথা দিয়ে সরকারের বিরোধিতা করবে এটাই স্বাভাবিক। বিরোধীদল বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে সরকারকে সহযোগিতা করবেন, ভুলত্রুটি ধরিয়ে দেবেন।
তিনি বলেন, সেদিন সংসদে বিরোধীদলীয় নেতা সুন্দর কথা বলেছেন। সম্প্রতি জ্বালানি তেল নিতে একটি মহলের ষড়যন্ত্রের কারণে যা ঘটছে সেখানে সরকারি দল ও বিরোধীদল থেকে সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা অনুসন্ধান করে দেখবে তেলের সমস্যা কোথায়।
এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের অর্থনীতি শক্তিশালী করতে চাই। তৃণমূলের মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে চাই। আমরা এমন উন্নয়ন করতে চাই, যাতে দেশের মানুষ আবারো ধানের শীষে ভোট দেয়।
এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড আব্দুল ওহাব, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান।