নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৩:১৫
গণসংহতি আন্দোলন থেকে পদত্যাগ করলেন জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্তের কারণে দলের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন, তিনি দল থেকে পদত্যাগ করেননি। বরং দলের সাংগঠনিক নীতির অংশ হিসেবেই তিনি এই দায়িত্ব ছেড়েছেন।
প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ছাড়লেও তিনি দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে আগের মতোই সক্রিয় থাকবেন এবং তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন।
এদিকে গণসংহতি আন্দোলনের নতুন প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন দেওয়ান আবদুর রশিদ নীলু।
আগামী দিনগুলোতে ফ্যাসিবাদের বিপক্ষে গণসংহতি আন্দোলনের লড়াই অব্যাহত থাকবে বলে জানান নতুন প্রধান সমন্বয়কারী।
গণসংহতি আন্দোলন ২৯ আগস্ট ২০০২ সালে ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান’ নিয়ে যাত্রা শুরু করে। দীর্ঘ আইনি ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক হিসেবে জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে দলের প্রতীক মাথাল নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার তাকে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়।