নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ রাত ০৯:৫০:২১
বিএমইউতে চিকিৎসকদের সম্মানে এনডিএফের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) শাখার উদ্যোগে চিকিৎসকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিএমইউর এ ব্লক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি) এবং ডা. মুসলেহ উদ্দিন ফরিদ (এমপি)।
ন্যাশনাল ডক্টরস ফোরাম বিএমইউ শাখার সভাপতি ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএমইউর বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, রোজা মানুষকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করে এবং আল্লাহভীতি ও নৈতিকতার শিক্ষা দেয়। তিনি বলেন, আল্লাহভীরু নেতৃত্ব দেশ পরিচালনার সুযোগ পেলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি টিকে থাকতে পারে না। তিনি কুরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, জনগণের মতামত ও গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করেই রাষ্ট্র পরিচালনা করা উচিত। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে এবং এ বিষয়ে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত চিকিৎসকদের সঙ্গে ইফতার করা হয়।