নরসিংদীতে কিশোরী ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৪:৪৩
বাবার সামনে থেকে অপহরণ ও নির্মম হত্যার ঘটনায় লেবার পার্টির তীব্র নিন্দা ও উদ্বেগ
নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর তার বাবার সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করার লোমহর্ষক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
২৬ ফেব্রুয়ারি শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী কিশোরীকে ধর্ষণের পর তার পরিবার ন্যায়বিচারের দাবি জানালে সন্ত্রাসীরা বাবার সামনেই তাকে অপহরণ করে নিয়ে যায় এবং পরে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনা শুধু একটি পরিবারকে নয়, সমগ্র জাতিকে শোকাহত ও ক্ষুব্ধ করেছে।
নেতৃদ্বয় বলেন, বাবার সামনে থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে হত্যা করা চরম লোমহর্ষক, নৃশংস ও বর্বরোচিত অপরাধ। এটি আইনশৃঙ্খলার চরম অবক্ষয় এবং অপরাধীদের দুঃসাহসিকতার বহিঃপ্রকাশ। সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, শিশু নিপীড়ন ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিচারহীনতার সংস্কৃতি ও প্রভাবশালীদের ছত্রছায়া এ ধরনের অপরাধকে উৎসাহিত করছে।
নেতৃদ্বয় আরও বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অথচ বাস্তবে অপরাধ সংঘটিত হওয়ার পরও অনেক ক্ষেত্রে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় না। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
বাংলাদেশ লেবার পার্টি অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, জড়িত সকল অপরাধীর গ্রেফতার এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। একই সঙ্গে নিহত কিশোরীর পরিবারের জন্য উপযুক্ত রাষ্ট্রীয় ক্ষতিপূরণ ও নিরাপত্তা প্রদানের আহ্বান জানান।