নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:২৬:৫২
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শনিবার বিকালে রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ করেন।
বিমান বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দেশের আকাশসীমার সার্বিক নিরাপত্তা, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ, আধুনিক যুদ্ধবিমান ও প্রযুক্তি সংযোজন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিমান বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম এবং আকাশসীমা সুরক্ষায় নিরলস অবদানের অকুণ্ঠ প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শনিবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়।