নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ সকাল ১০:৪৯:৩৭
এবার টানা ১৬ ঘণ্টা অফিস করে নজির গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক কল্যাণে নিরবচ্ছিন্ন কর্মব্যস্ততার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করে। ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি অফিস করেন।
সকাল ৯টায় সচিবালয়ে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। দপ্তরে পৌঁছেই গুরুত্বপূর্ণ ফাইল পর্যালোচনা, উচ্চপর্যায়ের বৈঠক এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে ব্যস্ত হয়ে পড়েন। সারাদিনজুড়ে তার কাজে ছিল দৃঢ় মনোযোগ ও অবিচল কর্মস্পৃহা। বিকাল গড়ালেও ক্লান্তির কোনো ছাপ দেখা যায়নি তার মধ্যে।
বিকাল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের কাজ শেষ করে তিনি যোগ দেন জাতীয় সংসদের অধিবেশনে। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাত ৮টা পর্যন্ত সক্রিয়ভাবে অংশ নেন তিনি, যা একজন দায়িত্বশীল রাষ্ট্রনায়কের কর্মনিষ্ঠার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এরপরও শেষ হয়নি দিনের কর্মসূচি। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদের একটি বিশেষ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন, চলমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা শেষে বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টার পর। বৈঠক শেষে আবারও নিজ দপ্তরে ফিরে কিছু সময় দাপ্তরিক কাজ করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা কাজ করেছেন প্রধানমন্ত্রী। তার ভাষায়, প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করা প্রধানমন্ত্রীর জন্য স্বাভাবিক হলেও এদিন তা প্রায় ১৬ ঘণ্টায় পৌঁছায়।
তিনি আরও বলেন, এই দীর্ঘ কর্মঘণ্টা শুধু একটি সংখ্যা নয় বরং দেশবাসীর প্রতি একটি বার্তা—জাতির দায়িত্বে নিয়োজিত একজন নেতা শেষ পর্যন্ত কাজ করে যান, দেশের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে।