জসিম উদ্দিন, চাঁদপুর জেলা প্রতিনিধি:
প্রকাশ : ৬ মে ২০২৬ দুপুর ০২:১৪:৩২
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে ১৬ মে চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
চাঁদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি ও খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে আগামী ১৬ মে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এ সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধনসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিবেন তিনি। এ নিয়ে স্থানীয় নেতা কর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
মঙ্গলবার (৫ মে) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন এক চিঠিতে এমন তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর সফল করতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ইতোমধ্যে বেশ কয়েকবার প্রস্তুতিমূলক সভা করেছেন।
সফরসূচিতে উল্লেখ করা হয়, সকাল ৭টায় ঢাকার গুলশানের সরকারি বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়াবুক বাজার এলাকায় ঘোর্থখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে এক জনসভায় বক্তব্য রাখবেন। এরপর সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটে উপস্থিত হয়ে বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
দুপুরে সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকাল ২টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে এক জনসভায় ভাষণ দেবেন তিনি।
বিকাল ৪টা ৩০ মিনিটে জেএম সেন গুপ্ত রোডের চাঁদপুর পৌরসভা অডিটোরিয়ামে সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। পরে বিকাল ৫টা ৩০ মিনিটে একই সড়কে চাঁদপুর জেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৬টায় জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন।
সন্ধ্যা ৭টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন তিনি এবং রাত ১০টায় গুলশানের বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর সরকারি সফর হিসেবে বিবেচিত হবে এবং তার ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।
সফর প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্ল্যাহ সেলিম বলেন, ‘প্রধানমন্ত্রীর কর্মসূচি সফর ও উৎসবমুখর করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি এ সফর সফল ও সার্থক হবে।’