নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৮:৩৮
তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম সভা, বৃক্ষরোপণ ও ডাকটিকিট অবমুক্ত
সরকারি কাজে গতিশীলতা আনতে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করার ঘোষণা দিয়েছিলেন আগেই। সেই ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অফিস করলেন তারেক রহমান।
২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি। কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান
মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এ সময় তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় যোগ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান
সভায় সভাপতিত্ব করেন। সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক সহনশীলতা বৃদ্ধি এবং বিভেদ সৃষ্টিকারী অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে গুলশানের বাসভবন থেকে পতাকাবিহীন সাধারণ গাড়িতে
চড়ে অফিসের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। কোনো জাঁকজমকপূর্ণ প্রটোকল ছাড়াই তিনি কার্যালয়
চত্বরে প্রবেশ করেন।
অফিসে প্রবেশের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে একটি
স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ
মোনাজাত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল
(অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি’সহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন দাপ্তরিক কাজের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত
করেন প্রধানমন্ত্রী।