নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬ রাত ০৮:৩০:৪৬
চকবাজারে চুরির অভিযোগে পরিচ্ছন্নতাকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৪
পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় চুরির অভিযোগ তুলে ইউনূস নামে এক পরিচ্ছন্নতা কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫) চকবাজার থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে চকবাজার থানার এ মামলার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগেও চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন একই কথা বলেছিলেন।
জানা যায়, শুক্রবার (১৬ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, শুক্রবার সকালে কয়েকজন ব্যক্তি ইউনূসকে বাসা থেকে ডেকে নিয়ে একটি পলিথিন গোডাউনে আটকে রাখেন। সেখানে চুরির মিথ্যা অভিযোগ তুলে তার হাত-পা বেঁধে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয়।
নির্যাতনের একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।
নিহতের স্ত্রী সাবিনা বেগম বলেন, তার স্বামী কোনো অপরাধ করেননি। পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তিনি এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। পাশাপাশি প্রধান আসামি প্লাস্টিক ব্যবসায়ী খোরশেদ ও চানাচুর ব্যবসায়ী বাবুলকে দ্রুত গ্রেফতারের আহ্বান জানান।