নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:১৫:১৪
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ অভিযোগ থাকায় হাবিবুর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, হাবিবুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। দুদকের কাছে বিশ্বস্ত সূত্রে তথ্য রয়েছে, তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তার বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।