নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০:৫৩
উত্তরায় ৯৬১ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৬১ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীর আলম (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি পিকআপসহ জাহাঙ্গীর আলমকে আটক করে। পরে তার হেফাজত থেকে ৯৬১ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা এবং মিনি পিকআপটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।