নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ রাত ০৮:৪৫:৫৯
জাফর আহমেদ চৌধুরীকে শ্রদ্ধাভরে স্মরণ
গতকাল ছিল প্রয়াত সাবেক সচিব, প্রখ্যাত অর্থনীতিবিদ, লেখক, কবি ও গীতিকার জাফর আহমেদ চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের ১৩ জুলাই ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কর্মময় জীবন, সততা, দেশপ্রেম এবং জ্ঞানচর্চার জন্য তিনি প্রশাসন, একাডেমিয়া ও সাহিত্যাঙ্গনে আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা গ্রামে জন্মগ্রহণ করেন জাফর আহমেদ চৌধুরী। তাঁর শিক্ষাজীবনের সূচনা আলকরা প্রাইমারি স্কুলে। পরে তিনি গুনবতী হাই স্কুল, ফেনী কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজে উচ্চশিক্ষা গ্রহণ করেন। অর্থনীতিতে অনার্স ও ডাবল মাস্টার্স ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি আইন বিষয়েও ডিগ্রি লাভ করেন।
বাংলাদেশ সিভিল সার্ভিসে দীর্ঘ কর্মজীবনে তিনি তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, রাষ্ট্রপতির সচিব, পরিবেশ ও বন সচিব এবং পরিকল্পনা সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
সরকারি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তিনি সিনিয়র সহকারী সচিব, উপসচিব ও যুগ্ম সচিব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন। নির্বাচন কমিশনে জাতীয় ভোটার আইডি কার্ড প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের সচিব হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মাঠ প্রশাসনেও তাঁর কর্মজীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ। তিনি ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক, ঢাকা জেলা পরিষদের সচিব, লক্ষ্মীপুর সদর, আড়াইহাজার ও কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজারের সেকেন্ড অফিসার এবং চট্টগ্রামে সহকারী কমিশনার, ম্যাজিস্ট্রেট ও প্রটোকল অফিসার হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং জ্ঞানচর্চাকে জীবনের শেষ দিন পর্যন্ত ধারণ করে যান। একজন দক্ষ প্রশাসকের পাশাপাশি তিনি ছিলেন একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক, কবি ও গীতিকার। অর্থনীতি, সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান ও ভ্রমণকাহিনীসহ নানা বিষয়ে তাঁর রচিত বহু গ্রন্থ আজও পাঠকদের সমৃদ্ধ করছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্যরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। তাঁদের প্রত্যাশা, মহান আল্লাহ জাফর আহমেদ চৌধুরীকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর কর্মময় জীবনের অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকুক।