নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:৪৪:৫৫
সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে: জ্বালানি মন্ত্রী
শনিবার (৪ এপ্রিল) বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরিস্থিতি বিবেচনায় এই সময়সীমা পরিবর্তনের কোনো সুযোগ নেই। ব্যবসায়ীদের জাতীয় স্বার্থে সরকারের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।
বৈঠক শেষে দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সরকারের এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করছে। দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশ মেনে নেওয়ার কথা নিশ্চিত করেছেন সমিতির নেতারা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে সময়সীমা পুনর্নির্ধারণের বিষয়ে আলোচনার অনুরোধ জানানো হয়েছে।