নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ জুন ২০২৬ রাত ০৮:০৩:৫১
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেক্সিমকো ফার্মার বৃক্ষরোপণ, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পৃক্ততার অঙ্গীকার
পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টঙ্গীতে শিক্ষাপ্রতিষ্ঠান এবং কারখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
সোমবার (৮ জুন) গাজীপুরের ইউসেপ টঙ্গী পৌরসভা কলাবাগান টেকনিক্যাল স্কুল এবং হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল-এ আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয়ের কর্মচারী এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মীরা অংশ নেন। এ সময় সবাই মিলে ফলদ, বনজ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজেদের বাড়িতে গাছ লাগাতে এবং পরিচর্যা করতে উৎসাহিত হয়। এর মাধ্যমে শুধু সবুজায়ন নয়, বরং শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং দায়িত্ববোধ গড়ে তোলার প্রচেষ্টা চালানো হয়।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কারখানার নিকটবর্তী এবং পরস্পর প্রতিবেশী এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানকে স্থানীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ভবিষ্যতে স্কুল দুটির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের কল্যাণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে আগামী দিনগুলোতে আরও কর্মসূচি ও উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
পরে টঙ্গীতে অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কারখানা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা একটি অ্যাভোকাডো গাছের চারা রোপণ করেন।
রাব্বুর রেজা বলেন, ‘পরিবেশ সংরক্ষণ কেবল দিবস উদযাপনের জন্য নয়, এটি একটি চলমান অঙ্গীকার। প্রতিদিনের ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তন নিয়ে আসে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পরিবেশবান্ধব কার্যক্রমকে আমাদের সংস্কৃতির অংশ হিসেবে বিবেচনা করে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি জানান, প্রতিষ্ঠানটি তাদের কারখানাগুলোতে প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে এবং প্লাস্টিকের পানির বোতলের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করেছে। পাশাপাশি পানি সংরক্ষণ এবং অপচয় কমাতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে উৎপাদন কার্যক্রম আরও পরিবেশবান্ধব ও সম্পদ-সাশ্রয়ী হয়।
বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজনের মাধ্যমে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে অবদান রাখছে, অন্যদিকে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সামাজিক উন্নয়নেও ভূমিকা রেখে চলেছে।