নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:৩৫:১৩
টাকা ও মূল্যবান সম্পদ স্থানান্তরে বিশেষ সুরক্ষা দেবে ডিএমপি
পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহণে বিশেষ নিরাপত্তা বা ‘এস্কর্ট’ সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপি জানায়, রমজান ও ঈদকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেন বহুগুণ বৃদ্ধি পায়। এই সময়ে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বড় অংকের অর্থ কিংবা মূল্যবান সামগ্রী স্থানান্তরের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি মনে করলে পুলিশের সহায়তা নিতে পারবেন।
এ বিষয়ে উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, পুলিশি পাহারার (এস্কর্ট) জন্য সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের সংস্থান করতে হবে। সহায়তার জন্য সংশ্লিষ্ট থানা অথবা ডিএমপি কন্ট্রোলরুমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
যোগাযোগের নম্বরসমূহ—২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬ ও জাতীয় জরুরি সেবা : ৯৯৯।
রাজধানীবাসীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাই বা অপ্রীতিকর ঘটনা রোধে ডিএমপি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।