নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ রাত ১১:২৮:২৭
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য: আইনমন্ত্রী
গণতন্ত্রের সুরক্ষা ও বিকাশে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীতে একটি ইংরেজি দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির কার্যালয় পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত, তাই দেশের মানুষ একটি স্বাধীন, নির্ভীক ও দায়িত্বশীল গণমাধ্যম প্রত্যাশা করে।’
তিনি বলেন, ‘গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অতীতে যেভাবে গণমাধ্যম আক্রমণের শিকার হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন ঘটনা ঘটুক, তা আমরা কখনোই চাই না।’
আইনমন্ত্রী বলেন, ‘সরকার এমন একটি পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং কোনো ধরনের ভয়ভীতি বা বাধার সম্মুখীন হতে হবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, বাংলাদেশ সংবাদমাধ্যমের স্বাধীনতার পথ ধরে এগিয়ে যাক এবং এ ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর হোক।’