নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ মার্চ ২০২৬ রাত ০৯:৩৬:১০
বৈশ্বিক রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী
বৈশ্বিক রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বিনা কারণে একটি স্বাধীন দেশে হামলা, রাষ্ট্র প্রধানকে হত্যা করা, একটি স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে জেলে পুড়ে দেয়ার মতো ঘটনা ভয়াবহ বার্তা দেয়।’
সোমবার (২ মার্চ) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিনী অধ্যাপক ড. শাহিদা রফিকের ১ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকার গেলো ১৭ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থা। এসব সংকট কাটিয়ে এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই নতুন সরকারের চ্যালেঞ্জ।’
এসময় তিনি আরও বলেন, ‘বেগম রোকেয়ার মতো মানুষকেও কোনো কোনো মহল অবজ্ঞা করে, যা দৈন্যতা। মরহুমার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি নারীর অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে।’