নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৫২:১৩
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে?
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ২৯৬ জন এমপির শপথ অনুষ্ঠিত হবে। এরপরই শুরু হবে সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি।
বাংলাদেশের সংবিধানের পঞ্চম ভাগের প্রথম পরিচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, সরকারি বিজ্ঞপ্তি দিয়ে সংসদ অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। সংসদ ডাকলে প্রথম বৈঠক কখন ও কোথায় হবে সেটাও তিনিই ঠিক করেন।
তবে তিনি নিজের ইচ্ছায় করেন না, প্রধানমন্ত্রী লিখিতভাবে যা পরামর্শ দেবেন, সেটি অনুযায়ী করতে হয়।
কতদিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে সেক্ষেত্রে অবশ্য সময় বেধে দেয়া আছে সংবিধানেই।
৭২ ধারার ২ নম্বর উপধারায় বলা আছে, জাতীয় নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন সংসদের বৈঠক ডাকতেই হবে।
ত্রয়োদশ নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণা হয় ১৪ ফেব্রুয়ারি। সে হিসেবে ১৬ মার্চের মধ্যে সংসদের প্রথম বৈঠক হতেই হবে।
এদিকে চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। ফলে রোজার মধ্যেই সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে।
জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে নতুন সরকারের শপথ।
একই সঙ্গে তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেয়ার কথা রয়েছে। নির্বাচিতদের দুটি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। সব মিলিয়ে কাল সংসদ ও এর দক্ষিণ প্লাজায় মোট তিনটি আলাদা শপথ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। একবার সংসদ সদস্য হিসেবে আরেকবার সংস্কারের জন্য।
তিনি বলেন, সকালে একবার তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। তারপর সংস্কারের জন্য শপথ নেবেন এবং বিকেলে মন্ত্রিসভার শপথ হবে।
আজকে কোনো তালিকা পাওয়া যাবে কিনা এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যিনি প্রধানমন্ত্রী হবেন; নতুন মন্ত্রীদের নামের তালিকা তার ওপর নির্ভর করছে।
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। এরপর সংসদ সদস্যদের সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নামের প্রস্তাব গৃহীত হবে।
বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে।