নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ মার্চ ২০২৬ রাত ০৭:০৩:৪৭
তেজগাঁও শিল্পাঞ্চলে দোকানের জায়গা নিয়ে সংঘর্ষ, বাবা-মেয়ে আহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় দোকানের জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় একই পরিবারের দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন পলাশ হাওলাদার ও তার মেয়ে সুমি আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ১৪ নম্বর বটতলা এলাকায় রেলওয়ের জায়গায় প্রায় ৩০ বছর ধরে ডেকোরেটরের ব্যবসা করে আসছেন পলাশ হাওলাদার। এ সময় মোছা. বিউটি বেগম ওই জায়গাটি ক্রয় করেছেন দাবি করে দখলের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এ নিয়ে বিরোধের জেরে বিউটি বেগম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পলাশ হাওলাদার ও তার মেয়ে সুমি আক্তারের ওপর এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর এ বিষয়ে আদালতে মো. দেলোয়ার হোসেন দেলু, মো. আশরাফ, মো. রতন, মো. বিশাল, মোছা. বিউটি বেগম, মো. খোকন, মো. স্বপন ও মোছা. পলিসহ মোট নয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার দাবি জানিয়েছেন।