নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬ দুপুর ০২:২১:৪৬
অপরাধ দমনে কঠোর অবস্থান, গুলশান থানার দায়িত্বে ওসি দাউদ হোসেন
ঢাকা মহানগর পুলিশের সাম্প্রতিক প্রশাসনিক রদবদলে গুলশান থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. দাউদ হোসেন। রাজধানীর অভিজাত ও কূটনৈতিক এলাকার নিরাপত্তার দায়িত্ব পাওয়ায় এ পদায়নকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এর আগে খিলগাঁও ও ক্যান্টনমেন্ট থানায় দায়িত্ব পালনকালে মাদক, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রেখে প্রশংসা কুড়ান তিনি। একাধিক অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রমেও গুরুত্ব দেন।
বিশেষ করে ক্যান্টনমেন্ট থানায় দায়িত্ব পালনকালে বিভিন্ন সংবেদনশীল মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারে তার ভূমিকা আলোচনায় আসে। মাঠ পর্যায়ে থেকে অভিযান পরিচালনা এবং তদন্ত তদারকির কারণে সহকর্মীদের কাছেও তিনি পরিচিত একজন কর্মঠ কর্মকর্তা হিসেবে।
দেশি-বিদেশি কূটনীতিক, শীর্ষ ব্যবসায়ী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসস্থল গুলশানে সাইবার অপরাধ, প্রতারণা ও মাদক নিয়ন্ত্রণে তার অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, গুলশান থানার নতুন ওসি হিসেবে মো. দাউদ হোসেন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।