নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৫:১২
ট্রাইব্যুনালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও হামিদের নামে অভিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদ বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে এ অভিযোগ করা হয়।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগটি দাখিল করা হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা সরকারের আমলে গুম থাকার পর ফিরে আসা অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান।
তিনি গণমাধ্যমকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বহু মানুষের প্রাণহানির সময় রাষ্ট্রের তিন বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ছিলেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। কিন্তু তিনি ওই সময় কোনো ধরনের ভূমিকা পালন করেননি। এমনকি ৫ আগস্ট পর্যন্ত আয়নাঘর, গুম ও হত্যাসহ বিভিন্ন অভিযোগের বিরুদ্ধেও তিনি কোনো প্রতিবাদ জানাননি। এসব ঘটনায় তার মৌন সমর্থন ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সংগঠনটির নেতাদের দাবি, আন্তর্জাতিক আইনের ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ নীতিমতে, কোনো গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হলে দায়িত্বশীল সর্বোচ্চ কর্তৃপক্ষও জবাবদিহির আওতায় আসতে পারেন। সে বিবেচনায় তৎকালীন রাষ্ট্রপতিরা তিন বাহিনীর প্রধান হয়েও অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। তারা তৎকালীন সরকারকে সহযোগিতা ও সুরক্ষা দিয়েছেন। তাই তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তারা।