নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬ দুপুর ০১:০০:৩৩
রাষ্ট্রপতির হার্টে ব্লক, বসানো হলো রিং
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে যুক্তরাজ্যে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি করে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে।
১২ মে মঙ্গলবার রাতে বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাত দিয়ে বলা হয়, মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে প্রেসিডেন্টের এনজিওগ্রাম সম্পন্ন হয়। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়ে। পরে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে সেখানে একটি স্টেন্ট স্থাপন করা হয়।
বর্তমানে প্রেসিডেন্ট হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত এবং তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। প্রেসিডেন্ট দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
বঙ্গভবন সূত্র জানিয়েছে, নিয়মিত ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে, যদিও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এ সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট মোঃ সাহাবুদ্দিন ২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল (এনইউএইচ)-এ ওপেন হার্ট সার্জারি করান। এরপর থেকে হৃদযন্ত্র-সংক্রান্ত জটিলতার চিকিৎসার ধারাবাহিকতায় তিনি নিয়মিত ফলো-আপের জন্য যুক্তরাজ্যের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গ, বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য খ্যাত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতাল হৃদযন্ত্র প্রতিস্থাপন, জটিল কার্ডিয়াক সার্জারি এবং আধুনিক হৃদরোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিকভাবে সুপরিচিত। হাসপাতালটি বিশ্বের অন্যতম শীর্ষ বিশেষায়িত হৃদরোগ চিকিৎসা কেন্দ্র হিসেবে বিবেচিত।
রাষ্ট্রপতির চিকিৎসার খবর প্রকাশের পর রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।