আওয়াল সিকদার ইমন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ দুপুর ০২:০৫:১৮
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩, উদ্ধার বিদেশি পিস্তলসহ বিপুল মাদক
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩১ জন, লালবাগ বিভাগ থেকে ৫৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৩ জন, মিরপুর বিভাগ থেকে ১২৫ জন, গুলশান বিভাগ থেকে ৩৬ জন, উত্তরা বিভাগ থেকে ৫৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৫৩ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন, ৮৬ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল), একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি পিকআপ, সাতটি মোবাইল ফোন, মাদক বিক্রির ১৭ হাজার ৫৫০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।