নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ রাত ০৮:১০:২৫
ঈদ উপলক্ষে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে নগদ উপহার বিতরণ
রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ ঈদ উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে মিরপুর–১৩ নম্বরে অবস্থিত ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন। এবারই প্রথমবারের মতো ডিএনসিসির পরিচ্ছন্ন কর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে প্রতি জনকে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে প্রায় ৩ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী এ অর্থ সহায়তা পাবেন।
পরিচ্ছন্নতাকর্মীদের হাতে নগদ অর্থ তুলে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এবারই প্রথম পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এ ধরনের বোনাস প্রদান করা হলো। নগর পরিচ্ছন্নতায় আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে আগামী ঈদে আরও বেশি বোনাস দেওয়ার চেষ্টা করা হবে।”
তিনি আরও বলেন, “আমি আপনাদের সহযোগী—আমরা সবাই একই পরিবারের সদস্য। সবাই মিলে এ শহরকে পরিচ্ছন্ন রাখতে কাজ করবো।”
ডিএনসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য সরকার থেকে নির্দেশনা রয়েছে এবং তাদের কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর এবং স্ক্যাভেঞ্জারস অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল হোসেন।