নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ সকাল ১১:৩০:০৩
আমাকে হত্যার চেষ্টা করলে ইরান নিশ্চিহ্ন হবে : ট্রাম্প
ইরানকে চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান যদি তাকে হত্যা করার কোনো চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির ওপর একযোগে ‘হাজার হাজার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া হুমকি দেন। খবর আলজাজিরার।
ট্রাম্পের এই প্রকাশ্য হুমকি এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও হরমুজ প্রণালিতে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার নতুন অঙ্গীকার ব্যক্ত করেছেন।
ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লেখেন, যদি ইরান সরকার বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট—অর্থাৎ আমাকে হত্যা করার বা হত্যার চেষ্টা করার হুমকি কার্যকর করে, তবে ১০০০টি মিসাইল ইতোমধ্যেই ‘লক অ্যান্ড লোডেড’ (লক্ষ্যবস্তু নির্ধারণ করে প্রস্তুত) অবস্থায় ইরানের দিকে তাক করে রাখা হয়েছে। তিনি আরও যোগ করেন, প্রথম দফার এই আক্রমণের পর আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিকভাবে ইরানে আঘাত হানবে।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, সম্ভাব্য এই হামলার জন্য মার্কিন বাহিনীকে ইতোমধ্যেই প্রয়োজনীয় সমস্ত সামরিক আদেশ দিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রয়োজনীয় নির্দেশা ইতোমধ্যেই জারি করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী আগামী ১ বছর মেয়াদের জন্য (যা প্রয়োজনে আরও বর্ধিত করা হতে পারে) ইরানের সমস্ত এলাকাকে পুরোপুরি নিশ্চিহ্ন এবং ধ্বংস করে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।
ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে একজন রাষ্ট্রপ্রধান কর্তৃক অন্য একটি সার্বভৌম দেশকে এভাবে ‘পুরোপুরি ধ্বংস’ করে দেওয়ার সরাসরি সামরিক হুমকি বিশ্ব রাজনীতিতে অত্যন্ত বিরল।