নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ রাত ০৮:৩৮:০৮
রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত, মর্যাদাপূর্ণ ও টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে আসিয়ান দেশগুলোর প্রতি আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ফিলিপাইনের ম্যানিলায় ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি বলেন, বর্তমান বিশ্ব জটিল ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মুখে। তাই আঞ্চলিক নিরাপত্তায় সংলাপ, কূটনীতি ও আন্তর্জাতিক আইন অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় এক দশক ধরে বাংলাদেশ ১৩ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে, যা সীমান্ত নিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকি বাড়িয়েছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।