নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৩:৫৯
জঙ্গি হামলার শঙ্কায় বিমানবন্দরগুলোতে জারি হয়েছে উচ্চমাত্রার সতর্কতা
জঙ্গি হামলার শঙ্কায় রাজধানীর হযরত শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে পুলিশ। এমনকি সকল গুরুত্বপূর্ণ স্খাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
২৭ এপ্রিল সোমবার বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ সব তথ্য।
সূত্র জানায়, পুলিশ সদরদপ্তর থেকে সতর্কতার চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষকেও দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উচ্চমাত্রার সতর্কতা জারি করে। বিমানবন্দরের কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
সূত্র আরও জানায়, বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সবধরনের নিরাপত্তা হুমকি বিবেচনা করে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অ্যরাইভাল ও ডিপারচার সবক্ষেত্রে নিরাপত্তা তল্লাশিও জোরদার করা হয়েছে। কোনো কিছু অস্বাভাবিক দেখা মাত্রই দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত নিরাপত্তা হুমকি আমরা পাইনি। তারপরও আগাম সতকর্তা নেওয়া হয়েছে। প্রত্যেকটি বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা মাঝে মাঝে এই নিরাপত্তা ব্যবস্থা নেই। যে সকল বিমানবন্দরে রাতে বিমান উঠানামা করেনা সেগুলোকেও রাতের বেলাতে নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, পুলিশ সদরদপ্তর যে চিঠি দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এমনটি না, আমরা মাঝে মাঝে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি। এরই অংশ বলা যায়।
তিনি আরও বলেন, সিকিউরিটি পার্সন ছাড়া বিমানবন্দরে অভ্যন্তরে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশিতে যে কোনও ঘাটতি না করা হয় সেজন্যও আমরা বলেছি। শাহজালাল বিমানবন্দরের নানা স্থানে এন্ট্রি পয়েন্ট সেগুলোতেও নিরাপত্তা ঘাটতি যেন না থাকে তার জন্য বলা হয়েছে। কোথাও কোনো ধরনের অস্বাভাবিক চোখে পড়লে দ্রুততার সঙ্গে সেটি মোকাবেলা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।