মোঃ শাহপরান, কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬ দুপুর ০২:১০:৫৬
ত্রিপুরা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার কারণ জানিয়েছে বিএসএফ
ভারতের ত্রিপুরা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার কারণ জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। শনিবার (৯ মে) বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়, নিহত ব্যক্তিরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং আত্মরক্ষার্থেই তাদের সদস্যরা গুলি চালিয়েছেন।
এর আগে গত শুক্রবার (৮ মে) গভীর রাতে ত্রিপুরার সেপাহিজালা জেলার কমলাসাগর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন নবীনপাড়া ও বঙ্গবন্ধের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। কাঁটাতারের এপারে বাংলাদেশের অংশটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্ত।
নিহত ব্যক্তিরা হলেন, মো. মোরসালিন (২০) ও নবীন হোসেন (৪০)। মোরসালিন স্থানীয় একটি কলেজের ছাত্র বলে জানা গেছে।
ভারতীয় পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলেই নিহতদের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় পুলিশের দাবি, মৃত্যুর আগে ওই দুই ব্যক্তি নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। ভারতীয় পুলিশ এখন এই ঘটনায় সীমান্তের ভারতীয় অংশের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে।
এদিকে, সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় কসবা ও সংলগ্ন সীমান্ত এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
বিজিবির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।