নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬ বিকাল ০৫:১৫:২৩
ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে জরুরি বার্তা
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত মিলবে ফিরতি যাত্রার টিকিট। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ রেলওয়ে থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকিট শুধু বাংলাদেশ রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রীদের অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনা-বেচা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হলো।
একই সঙ্গে রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, নির্ধারিত মাধ্যম ছাড়া টিকিট কেনার চেষ্টা করলে প্রতারণার শিকার হতে পারেন যাত্রীরা।