জাহাঙ্গীর হোসেন, জেনেভা থেকে
প্রকাশ : ৮ জুন ২০২৬ বিকাল ০৪:৪৫:৪৭
মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে শ্রমবাজার
মরিশাসে বাংলাদেশি কর্মী নিয়োগের বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন-২০২৬ উপলক্ষে সোমবার (৮ জুন) জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে তাদের দেশ আগ্রহী। বিশেষ করে টেক্সটাইল খাতের জন্য দক্ষ কর্মীর চাহিদা রয়েছে।
তিনি জানান, শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের খসড়া শিগগিরই বাংলাদেশের কাছে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মরিশাস সরকার বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগের বিষয়েও আগ্রহী।
বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরিশাস সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়ে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, টেক্সটাইল খাত ছাড়াও চিকিৎসক, প্রকৌশলী, নার্স, হিসাবরক্ষকসহ বিভিন্ন পেশায় দক্ষ জনশক্তি পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। পাশাপাশি তিনি মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হলে মরিশাসে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।