জাহিদ হাসান
প্রকাশ : ২১ মে ২০২৬ রাত ০৭:১৩:৪৩
প্রি-হজ কার্যক্রম ২০২৬ সফলভাবে সম্পন্ন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছে যে, পবিত্র হজ উপলক্ষে পরিচালিত প্রি-হজ কার্যক্রম ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ২১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সর্বশেষ হজ ফ্লাইট বিজি ৩৩৫-এর মাধ্যমে এ বছরের প্রি-হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ২০২৬ মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়।
চলতি হজ মৌসুমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনা করে ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে নিরাপদ, সুশৃঙ্খল ও আরামদায়কভাবে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। পাশাপাশি সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিংসহ অন্যান্য সেবাও দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেছে সংস্থাটি।
এছাড়া, এয়ারলাইনসটি বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ে হজযাত্রীদের জন্য বিশেষ হজ কেয়ার প্যাক বিতরণ করেছে।
এত বড় ও গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে কাজ করেছেন। তাদের দক্ষতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে সংস্থাটি আবারও সক্ষমতা ও অঙ্গীকারের দৃষ্টান্ত স্থাপন করেছে।
হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য অংশীজনদের প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।