নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ রাত ০৮:১২:৩১
বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ গঠিত, চেয়ারপার্সন ড. খন্দকার মোশাররফ
সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পেয়েছেন বরেণ্য প্রবীণ রাজনীতিক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
বাংলাদেশ সংসদ সচিবালয়ের সহকারী সচিব মো. ইকবাল বাশার স্বাক্ষরিত ১৩ জুলাইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্যরা হলেন— বিএনপির মো. শহিদুল ইসলাম এমপি (ফরিদপুর-৪), মো. হাসান রাজিব প্রধান এমপি (লালমনিরহাট-১), মো. খালেদ হোসেন মাহবুব এমপি (ব্রাহ্মণবাড়িয়া-৩), শাকিলা ফারজানা এমপি (সংরক্ষিত মহিলা আসন-৮), জাহরাত আদিব চৌধুরী এমপি (সংরক্ষিত মহিলা আসন-২৭), মাহমুদা হাবিবা এমপি (সংরক্ষিত মহিলা আসন-১৩), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজিবুর রহমান এমপি (পাবনা-১), মো. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি (যশোর-২) এবং এনসিপির মো. আবুল হাসানাত এমপি (কুমিল্লা-৪)।
ড. খন্দকার মোশাররফ হোসেন এর আগে একাধিক মেয়াদে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
তিনি কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিএনপি সরকারের তিন মেয়াদে মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০০১-২০০৬ মেয়াদে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ৫৬তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ১৯২টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে সম্মেলনের সভাপতি নির্বাচিত হন। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে 'ওয়ার্ল্ড নো টোব্যাকো' উদ্যোগসহ বিশ্ব স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।