নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ রাত ০৭:০১:২৯
ভারতে মুসলমানদের ওপর নিপীড়নের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে সমাবেশ
পশ্চিমবঙ্গ, আসাম ও কাশ্মীরের মুসলমানদের বিরুদ্ধে নিপীড়ন বন্ধ এবং বিশ্বব্যাপী মানবিক ঐক্যের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে নাগরিক পরিষদ। বৃহস্পতিবার (২১ মে) আয়োজিত এ সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ত্রিপুরা ও কাশ্মীরসহ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানরা নানাভাবে নিপীড়নের শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, সাম্প্রদায়িক রাজনীতি দেশটির মুসলমানদের জীবনকে অনিরাপদ করে তুলেছে।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের ব্যবসাপ্রতিষ্ঠান ও ঘরবাড়িতে হামলা চালানো হচ্ছে এবং বিভিন্ন ধর্মীয় স্থাপনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে।
ওয়ার্ল্ড মুসলিম উম্মাহর চেয়ারম্যান ডা. ফরিদ আহমেদ খান বলেন, ভারতের ইতিহাস ও ঐতিহ্যে মুসলমানদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
সমাবেশে বক্তব্য দেন উর্দুভাষী সংখ্যালঘু মুসলিম নেতা আফজাল ওয়ার্সি। তিনি উর্দুভাষী মুসলমানদের নাগরিক অধিকার ও আবাসন সংকটের বিষয় তুলে ধরেন।
নিরাপদ খাদ্য চাই-এর চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে।
ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও বাংলাপোষ্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, আসামে উচ্ছেদ ও নাগরিক সংকট মোকাবেলায় এনআরসি বাতিল করতে হবে এবং মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। তিনি বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভারতে মুসলমানদের ওপর চলমান হামলার ঘটনায় সরকারকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে কূটনৈতিকভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাপনী বক্তব্যে মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনায় বিভিন্ন মানবাধিকার সংগঠনের নীরবতা প্রশ্নের জন্ম দিয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন নবাব সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান আব্দুল জব্বার, কামরুল ইসলাম আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, সেলিম রেজা, মোর্শেদ আলম ও আব্দুল কুদ্দুছসহ অন্যরা।