নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৬ রাত ০৬:৪২:৩২
ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে বৃক্ষরোপণ অভিযান
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নমুখী নগর গড়ে তোলার লক্ষ্যে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর পল্টন এলাকায় বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২০ জুন) আয়োজিত এ কর্মসূচিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমানের নেতৃত্বে সংগঠনের যুব সদস্যরা অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে পল্টন এলাকার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রচারাভিযানও পরিচালনা করা হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ পথচারী, ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, একটি বাসযোগ্য ও সবুজ নগর গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সুলতান উদ্দিন, এনামুল হক, আব্দুর রহমানসহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।