সীমা প্রধান
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ রাত ০৮:৪৮:১৮
সাফল্যে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালানোর অভিযোগ
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ।
তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের সহযোগিতা করায় এবং পরবর্তীতে উত্তরা বিভাগে মাদক, চাঁদাবাজ, ছিনতাইকারী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করায় একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এবং কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এ ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বলেও তিনি জানান।
মির্জা তারেক আহমেদ বেগ বলেন, “আমি জুলাই ছাত্র আন্দোলনকারীদের পক্ষে কাজ করেছি। আন্দোলনকে বেগবান করতে সব সময় তাঁদের সহযোগিতা করেছি।”
তিনি আরও অভিযোগ করেন, পুলিশের সাফল্য ও কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে বাহিনীর মনোবল দুর্বল করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
ডিসি তারেক বেগ জানান, ৫ আগস্ট-পরবর্তী সময়ে নানা প্রতিকূলতার মধ্যেও পুলিশ ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে। একই সঙ্গে উত্তরা বিভাগে অপরাধ দমনে চলমান অভিযান অব্যাহত রয়েছে।
তবে তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে আওয়ামী লীগের লোক বা রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন ধরনের পোস্ট ও ট্যাগ দেওয়া হচ্ছে। বাস্তবে আমরা কোনো রাজনৈতিক পরিবারের নই। আমার বা আমার পরিবারের কারও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা ছিল না। আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো পদ-পদবীতেও আমি কখনো ছিলাম না। সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব প্রচার চালানো হচ্ছে।”