নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:৩৭:৩৬
পুলিশের লাঠিপেটা-টিয়ারশেল, ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ২৩
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
আহত অন্যদের মধ্যে আম্মার, ঝুমা, মনির, ফয়সাল, জয়, জুলকার, মোশারফ, নিলয়, অনিক, ওমর, রাহাত, রাসেল, আহমেদ, মাহিন, শামীম, আজাদ, সোহেল, শাওনের নাম জানা গেছে।
শরীফ ওসমান হাদীকে হত্যার ঘটনায় মামলার তদন্ত জাতিসংঘের অধীনে নিয়ে যথাযথ তদন্ত করার দাবি নিয়ে যমুনা অভিমুখে রওয়ানা দেয় ইনকিলাব মঞ্চ। মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় থেকে যমুনা অভিমুখে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে তারা সামনে যেতে চাইলে চড়াও হয় পুলিশ। চলে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, এখন পর্যন্ত প্রায় ২৩ জন আহত হয়ে এসেছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কেউ গুলিবিদ্ধ হয়নি।