নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ দুপুর ১২:৪৩:২৩
পল্লবীতে ৭ বছরের শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর
রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এই অমানবিক হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম দ্রুততম সময়ে শেষ করে আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২১ মে) আইন মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, চাঞ্চল্যকর এই শিশু হত্যাকাণ্ডের বিচার কাজ যাতে দ্রুততম সময়ের মধ্যে এবং কোনো ধরনের বিলম্ব ছাড়া সম্পন্ন করা যায়, তার জন্য আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ ও প্রয়োজনীয় সব ধরনের আইনি উদ্যোগ নেওয়া হবে। অপরাধী যেই হোক না কেন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবী থানা এলাকায় সাত বছরের এক অবুঝ শিশুকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের পর অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর পরই এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় একটি হত্যা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আইনমন্ত্রীর এমন কড়া নির্দেশনার পর ডিএমপি ও পল্লবী থানা পুলিশ মামলার তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করেছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘটনার সাথে জড়িত মূল আসামিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া দ্রুততার সাথে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে নিখুঁত চার্জশিট দাখিল করা হবে।