নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ রাত ১১:২৯:৪২
হাসপাতালে ‘মব’ সৃষ্টির চেষ্টার অভিযোগ সাবেক যুবদল নেতার বিরুদ্ধে
রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে মালামাল সরবরাহে চাপ প্রয়োগ, অতিরিক্ত দামে পণ্য সরবরাহ এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মঈনের বিরুদ্ধে। এ ছাড়া হাসপাতালটিতে ‘মব’ তৈরি করে আতঙ্ক সৃষ্টির চেষ্টারও অভিযোগ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন অধ্যাপক ডা. কামরুল ইসলাম।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই মঈন উদ্দিন হাসপাতালের মালামাল সরবরাহে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। বিভিন্ন সময়ে তিনি সরবরাহ কার্যক্রম নিজের নিয়ন্ত্রণে নিতে চাপ সৃষ্টি করেন এবং হাসপাতালের স্বাভাবিক কাজে বাধা প্রদান করেন।
অধ্যাপক কামরুল ইসলাম অভিযোগ করেন, তার অজ্ঞাতসারে বাজারদরের চেয়ে বেশি দামে ডিম ও চালসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হতো। পরে বিষয়টি নজরে এলে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি বাজার থেকে পণ্য কেনার সিদ্ধান্ত নেয়। এরপরই তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরবরাহ কার্যক্রম থেকে বাদ দেওয়ার পর মঈন উদ্দিন ১০ এপ্রিল সকালে হাসপাতালে এসে মব তৈরির চেষ্টা করেন এবং কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এর আগে গত ২৯ মার্চও তিনি কর্মচারীদের হুমকি দেন। এ ঘটনায় পরদিনই শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২২৬৬) করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ডা. কামরুল ইসলাম বলেন, গত ১৭ বছরে এই হাসপাতাল দুই হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে। রোগীদের জন্য স্বল্প খরচে চিকিৎসাসেবা এবং প্রতিদিন তিন বেলা খাবারের ব্যবস্থাও রয়েছে।
এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রশাসন, যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব, স্থানীয় রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানান অধ্যাপক কামরুল।
তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও চাঁদাবাজমুক্ত স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।