নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৮:২৯
হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদির স্ত্রী
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় যমুনার সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ।
শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বসেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। এ কারণে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো চারবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে। দেশে নির্বাচনের আমেজে তাঁদের শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার তদন্ত বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন নিয়ে সরকার ব্যস্ত থাকলেও, যাদের মাধ্যমে দেশে সরকার এসেছে এবং রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে পারছে, সেই সরকার কিংবা রাজনৈতিক দলগুলো কেউই এই হত্যাকাণ্ডের ঘটনায় কোনো উদ্যোগ নিচ্ছে না।
তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বিচার না করে, তাহলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাঁরা রাস্তায় নামতে বাধ্য হবেন।
ঢাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে ইনকিলাব মঞ্চ সর্বাত্মক সহযোগিতা করে আসছে। কিন্তু ইনকিলাব মঞ্চকে সহযোগিতার ক্ষেত্রে বারবার সবাই হাত গুটিয়ে নিয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী যমুনার সামনে অবস্থান নিয়েছেন।
তিনি আরও বলেন, অসহযোগিতা বাড়তে থাকলে ইনকিলাব মঞ্চ জনগণের সহায়তা নেবে এবং সারাদেশের জনগণকে নিয়ে যমুনার সামনে অবস্থান করবে। পরিস্থিতি সামলানোর দায়ভার সরকারের।
এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অন্যান্য সদস্যরা।