নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ জুন ২০২৬ দুপুর ১২:৪৯:৪৭
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: কুমিল্লার যুবকের মৃত্যু, বোন-ভগ্নিপতি দগ্ধ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুমিল্লার চৌদ্দগ্রামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নূরুল আমিন সোহাগ (৪০) চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
শুক্রবার (৫ জুন) সকালে সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার স্বজন হুমায়ুন কবির পাটোয়ারী জানান, ছোট বোন ও ভগ্নিপতির চিকিৎসার উদ্দেশ্যে গত সপ্তাহে নয়াদিল্লি গিয়েছিলেন সোহাগ। বুধবার সকালে মালবীয় নগরের ওই আবাসিক হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে সোহাগ গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এই একই ঘটনায় সোহাগের ছোট বোন ও ভগ্নিপতিও অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে নিহতের স্বজনদের সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। নূরুল আমিনের মরদেহ দ্রুত দেশে আনা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।