১৪ পদে লড়ছেন ৪০ প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬ দুপুর ১২:০৬:৪৭
চলছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ চলছে। ১৩ মে বুধবার সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি থাকবে।
দুই দিনব্যাপী এই নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে ভোট হচ্ছে। এবারের নির্বাচনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাধিকার প্রয়োগ করবেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী, যা দেশের অন্যতম বড় পেশাজীবী সংগঠনের নির্বাচনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটার আইনজীবীদের উপস্থিতি চোখে পড়েছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে সমর্থন চাইছেন।
এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তিনটি প্যানেলের মধ্যে—বিএনপি সমর্থিত নীল প্যানেল, জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল এবং এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল। এর বাইরে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (সংসদ সদস্য)। সহ-সভাপতি পদে রয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আলী। কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল লড়ছেন। সদস্য পদে রয়েছেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।
জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন আবদুল বাতেন। সহ-সভাপতি পদে রয়েছেন আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী। সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম এবং সহ-সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভুইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে রয়েছেন আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।
এদিকে এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল সভাপতি পদে কোনো প্রার্থী দেয়নি। তবে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু এবং সহ-সম্পাদক পদে মোস্তফা আসগর শরীফী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে রয়েছেন আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম।
এসব প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ এবং সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক ও মোহাম্মদ আশরাফ উজ-জামান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে লড়ছেন মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোটগ্রহণে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী সমাজে নেতৃত্ব নির্ধারণের এই নির্বাচনকে ঘিরে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।