নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৬ বিকাল ০৪:০৩:৩৭
অসহায় মানুষের মাঝে কানেকশন এইড ফাউন্ডেশনের কোরবানির গোশত বিতরণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন কানেকশন এইড ফাউন্ডেশন। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সংগঠনটি সমাজের অবহেলিত ও দুস্থ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে।
রবিবার সকালে রাজধানীর উত্তরা, তুরাগ ও দক্ষিণখান এলাকার বিভিন্ন বাসাবাড়ি এবং রিকশা গ্যারেজে শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খলভাবে উপকারভোগীদের হাতে গোশত তুলে দেন।
এ বিষয়ে কানেকশন এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, “কোরবানি শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। আমরা চাই ঈদের আনন্দ থেকে সমাজের কোনো মানুষ বঞ্চিত না হোক। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ যদি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও মানবতার কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
গোশত বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জন ডা. কামরুল ইসলাম উজ্জল। এছাড়াও উপস্থিত ছিলেন কানেকশন এইড ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল আ ন ম আবরার, ট্রেজারার তালহা জোবায়ের সজিব, মোমেন, ইকবালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি উৎসবকেন্দ্রিক মানবিক সহায়তা কার্যক্রমও নিয়মিতভাবে পরিচালনা করে আসছে কানেকশন এইড ফাউন্ডেশন। বিশেষ করে ঈদ ও অন্যান্য উৎসবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাদের বার্ষিক কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।