নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ রাত ০৯:২৬:২৪
বাংলাদেশের আউটবাউন্ড পর্যটন খাত শক্তিশালী করতে বটফের বার্ষিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশের আউটবাউন্ড পর্যটন খাতকে আরও সংগঠিত, প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে বার্ষিক সদস্য সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরাম।
বৃহস্পতিবার রাজধানীর বনানীর হোটেল সারিনায় অনুষ্ঠিত “বার্ষিক সদস্য সভা ২০২৬”-এ দেশের ভ্রমণশিল্পের উদ্যোক্তা, আন্তর্জাতিক এয়ারলাইনসের প্রতিনিধি, বিদেশি পর্যটন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশিদের বিদেশ ভ্রমণের আগ্রহ ও সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে আউটবাউন্ড পর্যটন খাতও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার, নতুন গন্তব্য ও সেবা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর ভ্রমণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বটফের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের বার্ষিক আয়োজন ট্যুর অপারেটরদের সঙ্গে আন্তর্জাতিক পর্যটন বোর্ড, এয়ারলাইনস ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। একই সঙ্গে শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
স্বাগত বক্তব্যে বটফের সভাপতি বলেন, বৈশ্বিক পর্যটন ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সংগঠনটি কাজ করছে। আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় আউটবাউন্ড পর্যটন খাতকে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে মালয়েশিয়া, থাইল্যান্ড ও সৌদি আরবের পর্যটন সম্ভাবনা নিয়ে উপস্থাপনা করা হয়। মালয়েশিয়া ট্যুরিজমের প্রতিনিধি মোহাম্মদ শোয়েব এবং মালয়েশিয়া এয়ারলাইনস বেরহাদের কান্ট্রি ম্যানেজার শর্ণা দাস বক্তব্য দেন। থাইল্যান্ড ট্যুরিজম অথরিটির প্রতিনিধি বৈশালী শর্মা ভিডিও উপস্থাপনার মাধ্যমে থাইল্যান্ডের পর্যটন আকর্ষণ তুলে ধরেন। থাই এয়ারওয়েজের শফি উল আলম বাংলাদেশ-থাইল্যান্ড আকাশপথ সংযোগ নিয়ে আলোচনা করেন।
সৌদি ট্যুরিজম অথরিটির প্রতিনিধি আমির হক সৌদি আরবের নতুন পর্যটন সুযোগ এবং বাংলাদেশি পর্যটকদের সম্ভাবনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে শ্রীলঙ্কান এয়ারলাইনস ও টার্কিশ এয়ারলাইনসের প্রতিনিধিরা বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বাজার হিসেবে উল্লেখ করে আঞ্চলিক সংযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। এছাড়া ট্রাভেলপোর্ট ও সাবর ট্রাভেল নেটওয়ার্কের প্রতিনিধিরা প্রযুক্তিনির্ভর ভ্রমণ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচনী প্যানেল “টোয়াব অগ্রগামী ঐক্যজোট”-এর পরিচিতিও তুলে ধরা হয়। টোয়াব সভাপতি ও প্রার্থী মো. তাসলিম আমিন শোভন বলেন, বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা ব্যাপক। তিনি ইনবাউন্ড ও আউটবাউন্ড পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে নীতিগত সহায়তা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
আনুষ্ঠানিক পর্ব শেষে নৈশভোজে অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময় ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরাম দেশের আউটবাউন্ড ট্যুর অপারেটরদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার ও পর্যটন খাত উন্নয়নে কাজ করছে।