নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ বিকাল ০৫:৪০:৫৪
‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের ৩ বিচারক
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজেএফআই) এবং রাজধানী উত্তরার র্যাব-১ এ অবস্থিত বন্দিশালা ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারকেরা । এ বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের আবেদনের প্রক্ষিতে মঙ্গলবার (২১ জুলাই) নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে বাকি দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, ডিজিএফআইয়ের জেআইসি (জয়েন্ট ইন্টারোগেশন সেল) ও র্যাবের টিএফআই (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন) সেলের বন্দিশালা পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারপতি ও বিচারকেরা। সে সময় ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) ও ডিফেন্সের লোকসহ অন্যান্য প্রয়োজনীয় লোকজন উপস্থিত থাকতে পারেন।
পরে এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের আমলে বাংলাদেশে অনেক গুমের ঘটনা ঘটেছে। গুমের শিকার ব্যক্তিদের নিয়ে বিভিন্ন আয়নাঘরে রাখা হতো, যা জেআইসি বা টিএফআই সেল হিসেবে পরিচিত। এর মধ্যে র্যাব-১ এ টিএফআই সেল, কচুক্ষেতে ডিজিএফআইয়ের সদর দপ্তরে জেআইসি ও ডিবি কার্যালয়ে কয়েকটি আয়নাঘরের সন্ধান রয়েছে। মামলার স্বার্থে এসব ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন ট্রাইব্যুনাল।