নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ রাত ১১:০৩:২১
দেশের উন্নয়নে প্রয়োজন দুরদর্শী পরিকল্পনা: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়নকে শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; এর সঙ্গে সততা, জবাবদিহি ও দূরদর্শী পরিকল্পনার বিষয়ও জড়িত। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
২৩ মে শনিবার বিকেলে রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরের মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত অনুষ্ঠানে গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার–২০২৬ পাওয়া প্রকৌশলী ড. মোহাম্মদ আব্দুল বাকী–কেও সম্মাননা জানানো হয়েছে। আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বা ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা পাওয়া প্রকৌশলী-সাংসদেরা হলেন—নরসিংদী–৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), মানিকগঞ্জ–২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া ও প্রকৌশলী মারদিয়া মমতাজ। অনুষ্ঠানে তাঁদের সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।
অনুষ্ঠানে মির্চা ফখরুল বলেন, আইইবি দেশের একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। এটি শুধু প্রকৌশলীদের পেশাগত মানোন্নয়নেই নয়, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
মন্ত্রী বলেন, প্রকৌশলীরা দেশের উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর একটি বড় অংশ। বিভিন্ন সময়ে জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে তাঁদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দায়িত্বশীলতা, মেধা ও পেশাগত সততার ভিত্তিতে দেশের উন্নয়নে অবদান রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্যে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত এক মাস ধরে নানা সেমিনার ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে জাতীয় উন্নয়ন, প্রকৌশল শিক্ষা, প্রযুক্তিগত অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠানগুলো থেকে পাওয়া সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে, যাতে নীতিনির্ধারণ ও উন্নয়ন কার্যক্রমে তা কাজে লাগে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। তিনি বলেন, গত ২ মে শুরু হওয়া মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটছে এ আয়োজনের মধ্য দিয়ে। পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দল–মতনির্বিশেষে প্রকৌশলীদের একত্র করার মাধ্যমে আইইবি দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ভূমিকা রেখে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাডেমিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) প্রকৌশলী খান মঞ্জুর মোরশেদ, ভাইস প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স) প্রকৌশলী এ টি এম তানভীর-উল হাসান (তামাল), সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী এবং সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) প্রকৌশলী মো. নূর আমিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্যসচিব ও আইইবির ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও আইইবির ভাইস প্রেসিডেন্ট (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া।