নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ রাত ১০:১৭:৪৫
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিশেষ কর্মসূচি
‘প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’ এই প্রতিপাদ্য সামনে রেখে স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসা বিষয়ে ধারণা দিতে রাজধানীতে এক বিশেষ কর্মসূচির আয়োজন করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা।
পিংক অক্টোবর ও বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে শুক্রবার কারওয়ান বাজারে সংগঠনটির নিজস্ব ভবনে চিকিৎসা সহায়তা উপ-কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, শিক্ষাবিদ, কূটনীতিক ও বিশেষজ্ঞসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সার্জিক্যাল অনকোলজি বিভাগ, ক্যানসার কানেক্ট ইনিশিয়েটিভ ফাউন্ডেশন (সিসিআইএফ) এবং তিশ-ক্যান।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. সামিয়া মুবিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. শাখাওয়াত হাসান জীবন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তোফায়েল খান ও আনোয়ার হোসেন চৌধুরী।
যুগ্ম সম্পাদক-১ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও আলোচনা করেন বিএমইউ'র সার্জিক্যাল অনকোলজির চেয়ারম্যান ডা. ছয়েফ উদ্দিন আহমেদ ও সহযোগী অধ্যাপক ডা. লুবনা মরিয়ম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ড. এ কে আব্দুল মুবিন, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত রেজিনা আহমেদ, আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আজীবন সদস্য সাংবাদিক আনহার সমশাদ ও শাহাবুদ্দীন শুভ, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম সজল, সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান ডালিম, আব্দুল কাইয়ুম সেলিম, তিশ-ক্যানের সভাপতি নুজহাত তারান্নুম এবং শিক্ষাবিদ অধ্যাপক নাইমা মুয়াজ্জেম, তপতী ভট্টাচার্য্য, নাসিমা আক্তার, সোনিয়া জামান, হাসমত রেহানা চৌধুরী ও হেলথ কেয়ারের মোজাম্মেল হক প্রমূখ।
পুরো আয়োজনজুড়ে স্তন ক্যানসার নিয়ে সামাজিক সংকোচ ও ভীতি দূর করা, রোগের প্রাথমিক লক্ষণ চেনা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। শরীরে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সময়মতো রোগ শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী নারীদের মধ্য থেকে কয়েকজনের প্রাথমিক স্ক্রিনিং করা হয়।