নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:১৭:১৮
হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা মামলার আসামি গ্রেফতার
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
মাসুদ আলম জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্কুল শিক্ষার্থীকে হত্যার পরদিন ভোরে কাঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে ঘাতক সিয়ামকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র ও তার পরনের রক্তমাখা জামা উদ্ধার করা হয়।
ডিসি জানান, সিয়ামকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে জানায়, গত ৪ বছর যাবৎ তাদের মধ্যে সম্পর্ক চলছিল। গত কয়েক দিন যাবৎ ভুক্তভোগী তার সঙ্গে তেমন যোগাযোগ করছিল না। তাদের আগে নিয়মিত যোগাযোগ হলেও সবশেষ তেমন যোগাযোগ হতো না। বিষয়টি নিয়ে ঘাতক সিয়াম ভুক্তভোগীকে সন্দেহ করা শুরু করে। এরপর গতকাল বুধবার তাকে ফোন দিয়ে দেখা করতে বললে ভুক্তভোগী দেখা করে। একপর্যায়ে ঘাতক সিয়াম তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। মেয়েটি রক্তাক্ত অবস্থায় একটি বাড়িতে ঢুকলে ঘাতক সিয়াম বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। ওই সময় আশপাশের বাসিন্দারা মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরাধীকে সনাক্ত করার বর্ণনা দিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, আমরা ঘটনার সঙ্গে জড়িত সিয়ামকে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করি। হত্যাকাণ্ড ঘটিয়ে সিয়াম মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে ফেলে। এরপর আমরা বিভিন্ন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে কলবাগান এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রক্তমাখা জামা ও মোবাইল ফোন জব্দ করি।