হৃদয় মিশা
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬ রাত ১২:২৪:৪১
নষ্ট কবি...
আমি এক নষ্ট কবি - কলমে বিষাক্ত পাপ।
আমার সাদা শার্টে কফির কালচে দাগ।
রাত গভীর হলে আমার শব্দরা মেলে দেয় ডানা।
পুরনো স্মৃতিরা দেয় হানা।
আমি যা লিখি তা গল্প নয় - আমার স্বীকারোক্তি।
সভ্যতার মুখে ছুঁড়ে মারি আমি অবজ্ঞার মার্জিত বিরক্তি।
আমার এক পকেটে ভাঙা স্বপ্ন আর আঙুলে নিকোটিনের ঘ্রাণ।
বাতাসে লিখে রাখি বিষাক্ত পিছুটান।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে হাসি।
ভাবি - কতটা নষ্ট আমি!
মানুষগুলো বড্ড বেশি পবিত্র হতে চায়
আমি না হয় নষ্টই রয়ে গেলাম, নিজের অন্ধকারকে লিখে রাখব বলে।