নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬ সকাল ১০:২৯:২৭
ইরানে স্থলবাহিনী পাঠানোর প্রয়োজনীয় মনে করছেননা ট্রাম্প
এই মুহূর্তে ইরানে স্থলবাহিনী পাঠানো প্রয়োজনীয় বলে মনে করছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এমন সম্ভাবনাকে পুরোপুরি নাকচও করেননি।
স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি না এটি প্রয়োজনীয়, কিন্তু কোনো কিছুই আমি বাদ দিচ্ছি না। একই বিষয়ে দ্যা হিলকে তিনি জানান, ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতায় না পৌঁছায়, তাহলে স্থলবাহিনী পাঠানোর বিষয়টি বিবেচনায় থাকতে পারে। খবর আনাদোলুর।
হোয়াইট হাউসের পক্ষ থেকেও জানানো হয়েছে, বর্তমানে ইরানে স্থলবাহিনী পাঠানো পরিকল্পনায় নেই, তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সব বিকল্প খোলা রাখছেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে সংঘাতে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ১৩৪০ জন নিহত হয়েছেন, যার মধ্যে দেশটির শীর্ষ নেতাও রয়েছেন।
এর জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে।