নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩৪:৪৮
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরান
ইরানের আকাশসীমা দিয়ে ওড়ার সময় যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। ফার্স নিউজের বরাতে আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। তবে এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
আইআরজিসি জানায়, যুদ্ধবিমানটি পুরোপুরি ধ্বংস হয়েছে। বিমানটি মারাত্মকভাবে বিধ্বস্ত হওয়ার কারণে পাইলটের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে ইরানের মেহের নিউজ এজেন্সি তাদের একটি টেলিগ্রাম পোস্টে বলেছে, বিধ্বস্ত হওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণের কারণে পাইলটের পক্ষে বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসা অসম্ভব ছিল।
এর আগে আরেকটি যুদ্ধ বিমান ভূপাতিতের যে দাবি করেছিল আইআরজিসি, যুক্তরাষ্ট্রের তরফে সেটি অস্বীকার করা হয়েছে।
প্রথম যুদ্ধবিমানটিতে হামলার বিষয়ে সম্প্রতি ইরানের পক্ষ থেকে জানানো হয়, মধ্যপ্রাচ্যের একটি বেসে জরুরি অবতরণ করেছে মার্কিন এফ-৩৫ ফাইটার জেট। জেটটি সম্প্রতি ইরানের ওপর একটি কমব্যাট মিশন সম্পন্ন করেছিল। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট স্থিতিশীল অবস্থায় আছে বলে জানিয়েছেন মার্কিন সেনাদের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স।
তিনি বলেন, ‘এই ঘটনা এখন তদন্তাধীন।’
ফেব্রুয়ারি ২৮ থেকে যুদ্ধে যুক্ত হওয়ার পর থেকে মার্কিন বাহিনী প্রায় ১২টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে। এছাড়া সৌদি আরবের একটি বেসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচটি কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও এই রিপোর্ট স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
এফ-৩৫ স্টেলথ ফাইটারগুলো ২০১৮ সাল থেকে যুদ্ধ মিশনে ব্যবহার হচ্ছে, তবে এর আগে কোনো বিমান শত্রুর হামলায় আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা নিশ্চিত হয়নি। ১ মার্চ কুয়েতের এফ/এ-১৮-এর সাথে সংঘর্ষে তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল বিমান নষ্ট হয়, তবে ছয়জন ক্রু নিরাপদে উদ্ধার হন।